বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে সিলেট নগরীতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন কাজের অংশ হিসেবে আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের কারণে রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজের আওতায় নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের অধীনস্থ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবে।
এর ফলে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেটসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও সংলগ্ন এলাকাগুলোও এই সাময়িক বিভ্রাটের আওতায় পড়বে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন। উন্নত ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই কাজ করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।









