লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও ভিম ভেঙে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পাঠদানের সময় ঘটে।
আহতরা হলেন ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, পাঠদানের সময় শ্রেণিকক্ষে ছাদের পলেস্তরা ও ভিমের একটি অংশ ভেঙে পড়ে এবং বিকট শব্দ হয়। শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে ক্লাসরুম থেকে বাইরে বের হয়। সিসি ক্যামেরার ফুটেজে ছাদের অংশ ভেঙে পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের তড়িঘড়ি করে বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং ঝুঁকি নিয়েই পাঠদান চলছিল। তারা দাবি করেছেন, নিরাপদ শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবনের প্রয়োজন। অন্যথায় আরও বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেছেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমাদের কয়েকজন ছাত্রী আহত হয়েছেন।”
প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, “পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে কার্যক্রম চলছিল। এ বিষয়টি আমরা উপজেলা ও জেলায় বারবার জানিয়েছি, তবে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেছেন, “ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়েছিল। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে বরাদ্দ না থাকায় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।”









