মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের উপস্থিতিতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মিসকাত (৫৩), মানিক মিয়া (৭৮), জোসনা বেগম (৫০), রিমন (২০), মাজহারুল ইসলাম (১৭), ইউসুফ শেখ (৬১), অন্তর (২২), ইকদাদুল (৩৭), মোতালেব (৮০), হাইজুল (৩৮), আমির আলী (৬০) ও বাদল মিয়া (৪৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন বৃহস্পতিবার রাতে পূর্ব পাড়ার বাসিন্দা মারুফ ও সৌরভকে মধ্য পাড়ার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে শুক্রবার বিকেলে এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, রাতে আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত শেখ মো. সুলতান অভিযোগ করেন, আগের দিনের হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ পুনরায় তাদের ওপর আক্রমণ চালায়। অন্যদিকে অভিযুক্ত পক্ষের হাসান, রাব্বি ও সানজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।
এসআই ফিরোজ মিয়া বলেন, তদন্ত চলাকালে হঠাৎ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গজারিয়া থানার ওসি হাসান আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।









