দেশের প্রেক্ষাগৃহে মাতামাতি করার পর এবার আন্তর্জাতিক পর্দায় দাপট দেখাচ্ছে ঈদে মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’।
শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে তানিম নূরের নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে শুরু হয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’-এর বিশেষ প্রদর্শনী।
‘বনলতা এক্সপ্রেস’-এর নির্মাতা ও পরিবেশক বঙ্গজ ফিল্মস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন ও ক্যারোসলসহ ১৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। দেশে মুক্তির মাত্র চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়া এই সিনেমার প্রতি প্রবাসীদের আগ্রহও লক্ষ্যণীয়। আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও আরও অনেকে।
অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাও দেশের দর্শকদের মনে দাপট দেখিয়েছে। ঈদে মুক্তির পর এটি আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়ার থেকে। ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে প্রদর্শনী হবে। পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্ট-এ, এবং সমাপনী দিন ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন। প্রযোজক শাহরিয়ার শাকিল সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
সিনেমা ‘দম’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী।









