নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’–কে ঘিরে বিতর্ক থামছেই না। গানটির কুরুচিপূর্ণ ভাষা ও দৃশ্যায়ন নিয়ে এতটাই প্রতিক্রিয়া এসেছে যে বিষয়টি ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত পৌঁছেছে।
গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। হাজিরা এড়ালেও এবার পার পাচ্ছেন না এই আইটেম গার্ল কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ এপ্রিল। একই ইস্যুতে শুধু নোরা নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। তাকে আলাদাভাবে ৮ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। শুনানির এক পর্যায়ে গানের ভাষা ও সুর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজয়া রহাটকর।
কমিশনের কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার করেছেন ছবির নির্মাতারা। তারা ইতিমধ্যেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন বিষয়বস্তু নির্মাণে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।









