দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান প্রকাশ ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি ‘সারকে চুনার’ শিরোনামের গানটি প্রকাশের পরই এর ভাষা, নাচের ধরন ও সামগ্রিক উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করতে থাকেন দর্শকরা। সমালোচনার চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত গানটি ইউটিউব থেকে সরিয়ে নেয় নির্মাতারা।
ঘটনাটির পর বিষয়টি আমলে নেয় জাতীয় নারী কমিশন। স্বতঃপ্রণোদিত হয়ে সংস্থাটি শুনানির আয়োজন করে এবং স্পষ্ট জানিয়ে দেয় সৃজনশীলতার নামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুনানিতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। তবে নোরা ফাতেহি হাজির হননি; তার পক্ষ থেকে পাঠানো আইনজীবীকেও কমিশন গ্রহণ করেনি। ফলে নোরাকে সরাসরি উপস্থিত হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে সঞ্জয় দত্তকেও নির্ধারিত দিনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে কমিশনের চেয়ারম্যান তীব্র অসন্তোষ জানিয়ে বলেন, সৃজনশীলতার অজুহাতে নারীর সম্মান যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে হবে শিল্পী ও নির্মাতাদের।
অবশেষে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেন গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দেন, আগামী তিন মাস নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবেন এবং সেই অগ্রগতির প্রতিবেদন নিয়মিতভাবে কমিশনে জমা দেবেন।









