বগুড়ার পাঁচতারকা হোটেল মম ইন-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত সম্মাননা ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২০তম আসর। এই বিশেষ মঞ্চে আধুনিক গান বিভাগে সেরা গীতিকার হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন জনপ্রিয় গীতিকার তারেক আনন্দ। তাকে ‘প্রেমবতী’ গানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, খুরশীদ আলম ও রফিকুল আলম। বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা যেমন ইমরান, কনা, কোনাল, বিউটি, ঝিলিক, লুইপা, অনন্যা, সাব্বির, কিশোর ও মেজবাহ বাপ্পিসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারেক আনন্দ বলেছেন, এই স্বীকৃতির জন্য আমি চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ভালোবাসা জানাই ‘প্রেমবতী’ গানের সুরকার খায়রুল ওয়াসী ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ভাইকে। যেকোনো স্বীকৃতিই আগামীর পথচলার বড় অনুপ্রেরণা। সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে সুন্দর কথার গান আজীবন লিখে যেতে চাই।
এক যুগেরও বেশি সময়ের সংগীতযাত্রায় তারেক আনন্দের কথায় এ পর্যন্ত শতাধিক গান প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ইমরানের কণ্ঠে ‘বর্ষা চোখ’, কুমার বিশ্বজিতের ‘ভালোবাসার টানে’, ফাহমিদা নবীর ‘বৃষ্টির জল’, আসিফ আকবরের ‘প্রেমজল’, আরফিন রুমির ‘সুখ’, বেলাল খানের ‘প্রেম দাও প্রিয়’, রাজিবের ‘যমুনার চর’ এবং নোলক বাবুর ‘সন্ধ্যাবাতি’।
বৈশাখেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ধামাকা। শিল্পী বিশ্বাসের কণ্ঠে ‘আনন্দের বৈশাখ’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।









