বলিউড থেকে হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে সবাই ‘পাওয়ার কাপল’ হিসেবে চেনে। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এক সময়ে যে প্রেমে ডুবে ছিলেন এই জুটি, এবার মনে হচ্ছে মাঝখানে বড় একটি দেয়াল তৈরি হয়েছে। তবে সব গুজবের পেছনে প্রিয়াঙ্কা চোপড়া নিজেই মুখ খুলেছেন।
অস্কারের রেড কার্পেটে একসাথে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ও নিককে। কিন্তু তারপর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে খবর দম্পতির মধ্যে নাকি বিচ্ছেদ ঘটে গেছে।
সব গুজবকে খন্ডন করেছেন প্রিয়াঙ্কা। তিনি স্পষ্টভাবে বলেছেন, নিক ও তিনি সম্পূর্ণরূপে সুখী এবং তাদের সম্পর্ক অটুট। বরং অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, কে বা কারা এই ভুয়া গুঞ্জন ছড়াচ্ছে, এবং তাদের উদ্দেশ্য কী।
বর্তমানে প্রিয়াঙ্কা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে, এসএস রাজামৌলীর ‘বারানসি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিক এবং আমি দুজনেই খুব ভালো আছি। আমাদের জীবন সুন্দরভাবে এগিয়ে চলছে। বাইরের এসব গুজবে আমরা কান দিই না। কিন্তু আমি শুনছি আমার স্বামীর সঙ্গে আমার নাকি বিচ্ছেদ হয়েছে!”
তিনি আরও প্রশ্ন তোলেন, “মানুষ কি চায় যে আমাদের বিয়ে ভেঙে যাক? কেন এই ধরনের গুজব বারবার ছড়ানো হয়? আমি সত্যিই বুঝতে পারি না।”
ভুয়া গুজব নিয়ে মাথা ঘামাচ্ছেন না প্রিয়াঙ্কা ও নিক। তিনি জানান, “আমরা দুই ভিন্ন সংস্কৃতির মানুষ। আমাদের ধর্ম, বয়সে ব্যবধান রয়েছে। হয়তো এজন্যই মানুষ এসব কথা বলে। কিন্তু গত আট বছর ধরে আমরা সুখীভাবে আছি। ছয় মাস পরিচয়ের পরই বিয়ে করেছি। ওর সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝেছিলাম ওই আমার জন্য সঠিক মানুষ। তাই আমি ওকে বিয়ে করেছি।”









