দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে সরাসরি শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের বৈঠক।
বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এ আলোচনাকে ঘিরে ইসলামাবাদে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে দুই দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
অলোচনায় অংশ নিতে শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে গালিবাফ বলেন, ইরান আলোচনায় অংশ নিতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা সীমিত। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও ইতিবাচক সাড়া দিতে পারে।”
উল্লেখ্য, প্রায় ছয় সপ্তাহের টানা বিধ্বংসী সংঘাতের পর এই প্রথম সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে চিরশত্রু দেশ যুক্তরাষ্ট্র ও ইরান।









