ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকেও জীবিত ও নিরাপদে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিযানকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার তৎপরতা হিসেবে উল্লেখ করেন।
গত শুক্রবার ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়; এর মধ্যে এক পাইলটকে আগেই উদ্ধারের কথা জানানো হয়েছিল। সর্বশেষ অভিযানে দ্বিতীয় পাইলটকেও ফিরিয়ে আনার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, উদ্ধার হওয়া ওই ক্রু সদস্য একজন কর্নেল, যিনি দুর্গম পাহাড়ি এলাকায় আটকা ছিলেন এবং ইরানি বাহিনী তাকে খুঁজছিল।
তার ভাষ্য অনুযায়ী, অভিযানে একাধিক উন্নত সামরিক বিমান ও অস্ত্র ব্যবহার করা হয়। কর্নেল সামান্য আহত হলেও বর্তমানে তিনি বিপদমুক্ত। ট্রাম্প আরও জানান, প্রথম পাইলটকে শনিবারই উদ্ধার করা হলেও দ্বিতীয় অভিযানের নিরাপত্তার কারণে তা প্রকাশ করা হয়নি।
এই ঘটনার মধ্যে ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়িয়ে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এবং অন্যথায় কঠোর পদক্ষেপের হুমকি দেন। তিনি দাবি করেন, শত্রু ভূখণ্ডে পৃথক দুটি সফল উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় পূর্ণ আধিপত্যের প্রমাণ।
এ সাফল্যকে জাতীয় গৌরব হিসেবে উল্লেখ করে ট্রাম্প সব মার্কিনিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে অভিহিত করেন।









