ইসলামাবাদের আলোচনার সময় ওয়াশিংটন তেহরানের আস্থা অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধি দলে ছিলেন।
রবিবার (১২ এপ্রিল) ইসলামাবাদ থেকে চলে গেছেন ইরানের প্রতিনিধিরা। পরে এক্সে দেওয়া পোস্টে গালিবাফ লিখেছেন, আমাদের ইরানি সহকর্মীরা গঠনমূলক উদ্যোগ তুলে ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অপরপক্ষ আমাদের আস্থা অর্জন করতে পারেনি।
পোস্টে গালিবাফ আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র আমাদের যুক্তি ও নীতি উপলব্ধি করতে পেরেছে। এখন তাদের সিদ্ধান্ত নেওয়ার সময়- তারা আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না। জনগণের অধিকার সমুন্নত রাখতে ইরান সামরিক শক্তির পাশাপাশি শক্তিশালী কূটনীতিও অনুসরণ করে।
ইরানের ৪০ দিনের জাতীয় প্রতিরক্ষায় যে অর্জন হয়েছে, তা সুদৃঢ় করতে তেহরান কোনো প্রচেষ্টাই বাদ দেবে না বলেও উল্লেখ করেছেন বাগের গালিবাফ।
ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হলেও আশার কথা হলো- কোনো পক্ষই এখনো পুরোদমে সংঘাতে জড়ায়নি। আলোচনা শেষে পাকিস্তান ত্যাগ করার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে ‘সর্বোত্তম’ একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় ইরানিরা সেটি গ্রহণ করে কি না।
সংলাপের এই ব্যর্থতা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পুনরায় যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হবে। সেই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচল এবং তেল-গ্যাস স্থাপনাগুলো আরও ক্ষতির মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।









