পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারী এ ঘটনা ঘটায়, যাতে একটি বাড়ি লক্ষ্যবস্তু হয়ে পড়ে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে; আহত হয়েছেন আরও চারজন।
আরব নিউজের বরাতে জানা গেছে, স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান শুক্রবার এএফপিকে বলেন, হামলাকারীর মূল লক্ষ্য ছিল একটি পুলিশ স্টেশন। তবে তাড়াহুড়োয় সেখানে পৌঁছাতে না পেরে সে একটি বেসামরিক বাড়িতে আঘাত হানে। বান্নুর সহকারী কমিশনার ইকরামুলাহ খান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়মিতভাবে এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। ২০২১ সালে কাবুলে তালেবানদের পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে এ ধরনের হামলার মাত্রা বেড়েছে।









