ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সংঘটিত এ হামলার পর জরুরি সেবা দলগুলো স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত ও কার্যক্রম সচল রাখতে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
একই সময়ে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মিনা আল-আহমাদি শোধনাগার বন্দরে পুনরায় হামলা হয়েছে, যা গত দুই সপ্তাহে তৃতীয় ঘটনা। রাজধানী থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থাপনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার এবং দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতে সতর্কবার্তা জারি করা হয়েছে, বাহরাইনে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক সতর্ক সংকেত পাওয়া গেছে এবং সৌদি আরব জানিয়েছে, তারা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে।
ভৌগোলিকভাবে কুয়েত ইরানের নিকটতম দেশগুলোর একটি; দুই দেশের উপকূলের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। ইরাকের সঙ্গে সীমান্ত সংযোগ থাকায় ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক হামলাগুলোর পেছনে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।









