উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও সৈন্য উপস্থিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, এই যুদ্ধ একটি বিষয় খুব পরিষ্কারভাবে প্রমাণ করেছে, আমাদের অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না; বরং এগুলো হুমকি।
শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
বাকের গালিবাফ বলেছেন, আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে কোরবানি দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারও ব্যাপারে তাদের কোনও মাথাব্যথা নেই। আমেরিকার ওপর নির্ভর করে বা তাদের আশ্রয়ে যারা থাকে, তারা আক্ষরিক অর্থেই নগ্ন কিংবা অরক্ষিত!
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানান, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফলে দেশ স্বাভাবিকভাবে চলছে এবং সব ধরনের পরিষেবাই সচল রাখা সম্ভব হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই অন্যায্য যুদ্ধের ১৫ দিন পার হয়েছে। পরিবহন, যোগাযোগসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারের সকল সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছানোয় বড় ধরনের কোনও ব্যাঘাত ঘটেনি।









