ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে মানুষের ফেরার দৃশ্য দেখা যায় বলে জানিয়েছে আল জাজিরা।
গত কয়েক সপ্তাহের তীব্র সংঘর্ষের পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাত পেরিয়ে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবার-পরিজন নিয়ে অনেকেই গাড়িতে করে দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওনা দেন।
এতে মাউন্ট লেবানন থেকে বৈরুত হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বৈরুত ও মাউন্ট লেবাননকে দক্ষিণের শহর সিডন ও টায়ারের সঙ্গে সংযুক্ত উপকূলীয় মহাসড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর বাড়ি ফেরার পথে অনেককে আনন্দ প্রকাশ করতে এবং বিজয়ের চিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। মানুষের মধ্যে সতর্কতা রয়ে গেছে। যুদ্ধবিরতির ফলে আপাতত সংঘাত বন্ধ হলেও, ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা লেবাননের জনগণের জন্য এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।









