ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন, যার ভিত্তিতেই এই চুক্তিকে ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে ইরান।
দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান ও ওমান ফি আদায় করতে পারবে বলে জানিয়েছে এপি। সংস্থাটি এক অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এ ফি থেকে প্রাপ্ত অর্থ ইরান পুনর্গঠন কাজে ব্যয় করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট নয়।
সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ তথ্য প্রকাশের অনুমতি না থাকায় ওই কর্মকর্তা পরিচয় গোপন রেখেছেন। উল্লেখ্য, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয় দেশের আঞ্চলিক অধিকার রয়েছে।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।









