সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। দুবাই মিডিয়া অফিস জানায়, মেরিনা এলাকায় অবস্থিত ভবনটিতে এ ঘটনা ঘটলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোথাও আগুন বা কাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
চলতি সপ্তাহের শুরুতে একই প্রতিষ্ঠানে হামলার গুঞ্জন ছড়ালেও তখন আমিরাত কর্তৃপক্ষ তা নাকচ করে একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছিল।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। সম্প্রতি ইরান একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটল।
দুবাইয়ের মেরিনা এলাকা একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও পর্যটন কেন্দ্র, যেখানে দুবাই মেরিনা শপিং মলসহ বিভিন্ন আকর্ষণ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা বেড়েছে। এর ধারাবাহিকতায় দুবাই ও আবুধাবিসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে।
এর আগে শুক্রবার আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলায় একজন নিহত ও চারজন আহত হন। এতে দেশটির বৃহত্তম গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনাগুলোর একটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।









