মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি জোরদারে চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন শি জিনপিং। প্রস্তাবনায় শান্তিপূর্ণ সহাবস্থান, রাষ্ট্রের সার্বভৌমত্বের সুরক্ষা, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান এবং উন্নয়ন ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
এদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, বৈঠকে শি জিনপিং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে একটি অভিন্ন, কার্যকর ও টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট।









