ইরান ইসরায়েল সংঘাতের ফলে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। পাকিস্তানে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে তৈরি হচ্ছে আশঙ্কা। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন, ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হেগসেথ জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
তিনি আরও বলেছেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না।
হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, এই প্রণালি উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিট হেগসেথ বলেন, যতদিন প্রয়োজন, ইরানের ওপর নৌ-অবরোধ ততদিন জারি রাখবে যুক্তরাষ্ট্র। তেহরানকে চুক্তি স্বাক্ষরে চাপ দেওয়ার কৌশল হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানে প্রবেশকারী কিংবা সেখান থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজের ওপর অবরোধ আরোপ করছে বলেও জানান তিনি।









