ইরানে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত যৌথ হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি, যিনি পরে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর এক মাসের বেশি সময় পার হলেও তিনি এখনো প্রকাশ্যে আসেননি; এর মধ্যেই সামনে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন।
টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল-মার্কিন হামলায় আহত মোজতবা খামেনি বর্তমানে অচেতন অবস্থায় কোম শহরে চিকিৎসাধীন রয়েছেন। কূটনৈতিক মেমোর বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫৬ বছর বয়সী মোজতবা সংজ্ঞাহীন অবস্থায় আছেন এবং ‘গুরুতর’ অসুস্থতার কারণে তার চিকিৎসা চলছে।
প্রতিবেদনে প্রথমবারের মতো তার অবস্থান প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। কূটনৈতিক নথিতে বলা হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার কারণে তিনি ইরান সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।
ধারণা করা হচ্ছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত নথিটি উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত টানা ৩৯ দিনে গড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে এতে উল্লেখযোগ্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কথা বলা হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।









