হরমুজ প্রণালিতে সাম্প্রতিক দিনগুলোতে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত বুধবার প্রণালিটি অতিক্রম করেছে ১৬টি জাহাজ, যা টানা তৃতীয় দিনের ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে।
সংস্থাটি জানিয়েছে, জাহাজগুলো লারাক দ্বীপসংলগ্ন রুট ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে বিভিন্ন দেশ ইরানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিরাপদে জাহাজ পরিচালনার পথ খুঁজে নিচ্ছে, যা ভবিষ্যতে ট্রানজিট বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে।
তবে এই বৃদ্ধি সত্ত্বেও বর্তমান চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই রুট ব্যবহার করত।
ইরান জানিয়েছে, যুদ্ধপরবর্তী পরিস্থিতিতে অন্যান্য দেশ তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্ধারিত টোল পরিশোধ করে জাহাজ চালাতে পারবে, যদিও শত্রু ও মিত্র দেশের জাহাজের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রযোজ্য থাকবে।
বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই পথ দিয়েই উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।









