মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ঢাকা ত্যাগ করবে।
প্রথম এই ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।
এবারের হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিটি হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা।
বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশে বসেই নুসুক কার্ড সংগ্রহ করছেন। অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে হোটেল লবিতে গিয়ে এই কার্ড সংগ্রহ করতে হবে।









