জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে সরকারি বাসভবনে না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। পাশাপাশি, তার জন্য বরাদ্দ দুইটি গাড়ির মধ্যে একটি ব্যবহার করছেন বলেও জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভর্নরের জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনের রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় হয়। এই ব্যয় কমানোর অংশ হিসেবেই তিনি আপাতত নিজের বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
শাহরিয়ার সিদ্দিকী আরও বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে অফিস পরিবহন কিংবা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের কর্মঘণ্টাও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার বহাল থাকবে।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।









