সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত জানাবেন। এর আগে, গত রোববার রাতেই সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।
লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি পাশে রয়েছেন। বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ অনুসারীরা বিভিন্ন স্থানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন।









