দেশে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত সংক্রামক রোগ হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৬৮৫ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মৃত্যুবরণ করা চার শিশুসহ চলতি বছর এখন পর্যন্ত হাম রোগে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু।
রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়ায়। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস)সহ জটিলতা দেখা দিতে পারে, যা জীবনঝুঁকি বাড়ায়।









