হোয়াটসঅ্যাপে ভুয়া বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররকৃতরা হলেন মো. মাসুম রানা (৩৮) ও মো. শামীম আক্তার (৩৬), যাদের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর এলাকায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে 'ড্রিমপায়ারিং এমসিএস লি.' নামে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে অভিনব কৌশলে এই প্রতারণা চালানো হয়। নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ তে কর্মরত এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারকদের সঙ্গে পরিচিত হন। পরে তাকে ভুয়া চুক্তিপত্র দেখিয়ে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়।
ভুক্তভোগী নিজের সঞ্চয়, অফিসের অর্থ ও স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে নগদ, বিকাশ ও ব্যাংকের মাধ্যমে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা প্রতারকদের কাছে দেন। পরে প্রতারকরা বিভিন্ন ঠিকানায় যেতে বলে বিভ্রান্ত করলে ঢাকার সেগুনবাগিচায় গিয়ে তিনি নিশ্চিত হন, কোম্পানির কোনো অস্তিত্ব নেই।
নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর সিআইডি তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে দিনাজপুরে অভিযান চালিয়ে ৮ ও ৯ এপ্রিল গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সিআইডি জনগণকে অনলাইন বিনিয়োগের প্রলোভন থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে।









