ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ।
শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ৩০-৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে মিছিল নিয়ে আসছিল। ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর মধ্য থেকে চারজনকে ধরে থানায় নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে আসে। এসময় তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। এই চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।









