জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২০২৬ করবর্ষে ইতিমধ্যেই ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক। এই জন্য ইতিমধ্যেই ৫০ লাখের বেশি করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।
এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, আগেভাগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় অনুমোদন করতে পারবেন।
এনবিআর পুরো প্রক্রিয়াটি সহজ, স্বচ্ছ এবং দ্রুত করার জন্য অনলাইন ব্যবস্থা চালু করেছে। করদাতারা এখন ‘Time Extension’ মেন্যু ব্যবহার করে অনলাইনে সহজেই সময় বাড়ানোর আবেদন করতে পারেন।
গত কয়েক দিনে ৫ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বাড়ানোর আবেদন করেছেন। অধিকাংশ আবেদন দ্রুত মঞ্জুর হয়েছে। অনুমোদিত হলে করদাতা বর্ধিত সময়ে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
যারা এখনও রিটার্ন দাখিল করেননি, তাদের অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে আগে নিজের নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্নে নিবন্ধন করতে হবে।
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় এমন করদাতারা ই-রিটার্নে বা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এনবিআর সবাইকে অনুরোধ করছে, জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল নিশ্চিত করুন।









