বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। প্রবাসে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মধ্যে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এ সময় নিহত এস এম তারেকের স্বজন রিয়াজউদ্দীনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বজনদের আহাজারি ও শোকে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।
উল্লেখ্য, বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারান এস এম তারেক। প্রবাসে কর্মরত এই বাংলাদেশির আকস্মিক মৃত্যুতে দেশে নেমে আসে শোকের ছায়া।









