দেশব্যাপী ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) জয়নাল আবদিন লিখিত প্রশ্নে বলেন, বর্তমানে দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিনা ; না থাকলে, প্রাথমিক বিদ্যালয়বিহীন নামসহ গ্রামের সংখ্যা কত? ওই গ্রামগুলোতে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে কিনা?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, না দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি ময়মনসিংহ বিভাগে ২৬৬টি। সব মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৪৭টি।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।









