মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় জ্বালানি তেল ও সার দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য তুলে ধরেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল-২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে এ সভার আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, “কেউই যুদ্ধের পরিকল্পনা বা সম্ভাবনা মাথায় রেখে সরকার গঠন করিনি। আমরা জানতাম না ১৫-১৬ দিনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে।” তিনি মূল্যবৃদ্ধির উদাহরণ দিয়ে বলেন, “যে এলএনজি আমরা জিটুজি কন্ট্রাক্টে ১০ ডলারে কিনতাম, এখন স্পট মার্কেট থেকে তা কিনতে হচ্ছে ২০ ডলারে। যে ক্রুড অয়েল ৫০, ৫৫ বা ৬০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ১১৬ ডলারে কিনতে হচ্ছে। আর যে সার ৪৫৬ ডলারে কিনতাম, তা এখন প্রায় ৮০০ ডলারে কিনতে হচ্ছে।”
তিনি আরও জানান, দেশে বছরে প্রায় ২৬ লাখ টন ইউরিয়ার চাহিদা রয়েছে, যার বড় একটি অংশ আমদানি করতে হয়। দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলো সারা বছর চালু রাখা সম্ভব হয়নি। ফলে যে গ্যাস দিয়ে দেশে সার উৎপাদন করা যেত, সেটিই বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করতে হচ্ছে।
কর ব্যবস্থাপনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ফিসক্যাল ডিসিপ্লিন নিশ্চিত করতে ট্যাক্স বেজ বাড়ানো জরুরি। “আমরা ব্যক্তিগত করহার বাড়াচ্ছি না, বরং করদাতার সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছি। এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনার ইতিবাচক প্রতিফলন আগামী বাজেট ও পরবর্তী সময়ে দেখা যাবে। আপনাদের ওপর কোনো অতিরিক্ত চাপ আসছে—এমন কোনো বিষয় নেই।”
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. কাওসার আলম, আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীরসহ অন্যরা।
সভায় ডিসিসিআই ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়। পাশাপাশি নন-লিস্টেড কোম্পানির করহার লিস্টেড কোম্পানির মতো ২৫ শতাংশ নির্ধারণ এবং পূর্ণাঙ্গ অটোমেটেড করপোরেট কর রিটার্ন ব্যবস্থা চালুর সুপারিশও করা হয়।









