সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৭ এপ্রিল) এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী, কামাল উদ্দিন মজুমদারকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হলো।
কামাল উদ্দিন আগে বাসস-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হয়েছেন।









