অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। তার এই বক্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেন কট্টর ডানপন্থী এই নেতা। এ সময় তিনি সেখানে প্রার্থনাও করেন এবং নিজেকে ‘আল-আকসা মসজিদের মালিক’ বলে দাবি করেন।
পরিদর্শনকালে ধারণ করা এক ভিডিওতে ইতামার বেন গাভির বলেন, “আজ আমি নিজেকে এখানে মালিকের মতো মনে করছি।” তিনি আরও দাবি করেন, মসজিদটি ‘ইহুদি সার্বভৌমত্বের’ প্রতীক এবং সেখানে ইহুদিদের প্রার্থনা, গান গাওয়া ও সেজদা করার অধিকার রয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সে জন্য তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর ওপর চাপ দিয়ে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে ইহুদি ধর্মীয় নেতা রাব্বি এলিশা উলফসনসহ নিরাপত্তা সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফর দীর্ঘদিনের স্থিতাবস্থা চুক্তির লঙ্ঘন, পবিত্রতার অবমাননা এবং একটি উসকানিমূলক পদক্ষেপ।
উল্লেখ্য, একটি ঐতিহাসিক ব্যবস্থাপনার আওতায় আল-আকসা প্রাঙ্গণটি জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত হয় ইসলামি ওয়াকফ কর্তৃপক্ষের মাধ্যমে। সেখানে ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা করার অনুমতি নেই—যা দীর্ঘদিন ধরে একটি সংবেদনশীল ভারসাম্য বজায় রেখেছে।
ইতামার বেন গাভির ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির নেতা। তিনি ইসরায়েলকে একটি ইহুদি জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী হিসেবে পরিচিত।
ইতামার বেন গাভির ১৯৭৬ সালের ৫ মে জেরুজালেমের এক মহল্লায় ইরাকি ইহুদি পিতামাতার পরিবারে জন্মগ্রহণ করেন।









