বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর নিজ রুমে লাইট ও এসি ৫০ শতাংশ কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আর বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।
এরই মধ্যে সচিবালয়ের-১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুমসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ে আজ সকাল সাড়ে ১০টায় কেবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।
প্রেস সচিব আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও বাসা-বাড়িসহ সর্বত্রে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান।
আজকের ক্যাবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। পশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে কার্যত আরও কি কি পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী পরামর্শ দেন।









