আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তিগত পছন্দ–অপছন্দ নয়, দলের প্রতীক ‘ধানের শীষ’কে সামনে রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রার্থী কে পেলেন—তা গুরুত্বপূর্ণ নয়, কারণ লড়াইটি ধানের শীষকে বিজয়ী করার লড়াই।
সোমবার (০৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিওবার্তায় তিনি এই নির্দেশনা দেন। দেশব্যাপী ছাত্রদলের ৭৫টি ইউনিট থেকে এক হাজারের বেশি নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।
তারেক রহমান বলেন, দলের মনোনীত প্রার্থী নিয়ে কারও ব্যক্তিগত অসন্তোষ থাকতে পারে, কিন্তু সেটি বাদ দিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করাই হবে মূল লক্ষ্য। তিনি বলেন, “তুমি তো কোনো ব্যক্তির জন্য কাজ করছ না—তুমি কাজ করছ বিএনপির জন্য, ধানের শীষের জন্য, দেশের জন্য।”
দেশ গড়ার পরিকল্পনাকে সামনে রেখে আগামী দুই মাসের কর্মসূচিতে জনগণকে যুক্ত করার ওপর জোর দেন তিনি। তারেক রহমান বলেন, এই পরিকল্পনাগুলো শুধু কাগজে-কলমে থাকবে না; জনগণকে সম্পৃক্ত করেই যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
স্থানীয় পর্যায়ে নিজের এলাকায় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য ছাত্রদলকে সক্রিয় ভূমিকা নিতে বলেন তিনি। পরিকল্পনার বিভিন্ন দিক মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমর্থন গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি কাজ বলে মন্তব্য করেন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, খাল খনন, বায়ুদূষণ কমানো, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, দেশব্যাপী ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের সংস্কার, বেকারত্ব হ্রাস, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরতে হবে।









