সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
তিনি আরও জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান। পরে তারা প্রধানমন্ত্রীকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের।
প্রধামনন্ত্রী আরও তুলে ধরেন, এতদিন একটি কথার প্রচলন ছিল যে অন্য ধর্মের লোকেরা বিএনপিকে ভোট দেয় না। এবারের নির্বাচনে সেটি ভুল প্রমাণিত হয়েছে। বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়ে বিজয়ী করেছে।
ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা ছিল। এমন পরিস্থিতি ছিল, যেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছি। এরপর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে আরেকটি সংকটের মুখে পড়তে হয়েছে। তাই আসুন সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।
বিগত সরকারের আমলে দেশের অবস্থার প্রতি ইংগিত করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন দেশের ভঙ্গুর দশা ছিলো। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগ খাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টরে যে অবস্থা বিরাজ করছিল মনে হয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।
এসময় ইসরাইল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেশে জ্বালানি সংকট পরিস্থিতি মোকাবিলার কথাও জানান প্রধানমন্ত্রী।









