এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সিদ্ধান্তে আসতে পারছে না যে করোনা পরিস্থিতিতে এশিয়া কাপ হবে কিনা, বা হলেও কোথায় হবে। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মি সিলভা জানিয়েছে, এই বারের এশিয়া কাপ আয়োজনে শ্রীলঙ্কাকে আয়োজক করতে রাজি এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের মূল আয়োজক হওয়ার কথা পাকিস্তানের। ভারতের সঙ্গে দেশটির রাজনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় সেখানে এশিয়া কাপ হচ্ছে না, এটা নিশ্চিতই ছিল। গুঞ্জন উঠে ছিল সংযুক্ত আরব আমিরাত এর আয়োজক হতে পারে।
কিন্তু এর মাঝেই শ্রীলঙ্কা এর আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতিও জানান এমনটিই। আরও জানান, আয়োজক পাকিস্তান ও এসিসি নাকি সবুজ সঙ্কেতও দিয়ে রেখেছে তাদের।
সিলন টুডে কে শাম্মি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করেছি। করোনা পরিস্থিতিতে আমাদের আয়োজক হওয়ার বিষয়টিতে তারা রাজি হয়েছে। এছাড়া এসিসির সঙ্গেও অনলাইন সভায় আমাদের কথা হয়েছে। তারাই আমাদের এবারের টুর্নামেন্ট আয়োজনের সবুজ সঙ্কেতটা দিয়েছে।’
এশিয়া কাপ নিয়ে সভা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে এসিসি। কী হতে যাচ্ছে এশিয়া কাপের ভাগ্যে? তা জানতে সবার অপেক্ষা করতে হবে পরের সভা পর্যন্ত।
আনন্দবাজার/এস.কে









