আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অপর গোলটি এসেছে লাওতারো মার্টিনেজের পা থেকে।
বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের ১৬তম মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।
এ জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত রয়ে গেল আর্জেন্টিনা। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল। এবার নিজেদের ছাড়িয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুধু নিজেদেরই ছাড়িয়ে যাওয়া নয়, আর্জেন্টিনার সামনে হাতছানি আছে সর্বকালের সেরার রেকর্ড ভেঙে দেওয়ার। আর চারটি ম্যাচে অপরাজিত থাকলেই মেসিরা ভেঙে দেবে ইতালির রেকর্ড (৩৭ ম্যাচে অপরাজিত)।









