আকবর-ইমন-শরিফুলদের বিশ্ব জয়ের পেছনে কোচ নাভিদ নওয়াজের ভূমিকা কম নয়। তিনি বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেয়ার নেপথ্য নায়ক। লঙ্কান কোচের অধীনে দুই বছর কাজ করার পর টাইগার যুবারা পায় বিরাট সাফল্য। জানা গেছে, বিশ্বজয়ের রেশ কাটার আগেই পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও কোচ হিসেবে রাখা হবে নাভিদকে।
তিনি এখন থেকে আগামী তিন বছর অনূর্ধ্ব-১৯ দলকে দেখভাল করবেন। কাগজে-কলমেও সেটি চূড়ান্ত হয়ে গেছে।
চুক্তির মেয়াদ বেড়েছে মাঠে যুবাদের নানাভাবে উজ্জীবিত রাখা স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারেরও। ২০২২ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ পর্যন্ত ছোটদের সঙ্গেই কাজ করবেন ইংলিশ ট্রেনার। শিগগিরই বিসিবি তাদের চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
নওয়াজ এবং স্টনিয়ার করোনাকালেও চ্যাম্পিয়ন যুবাদের খোঁজ-খবর রাখছেন। অনলাইনে আকবর-রাকিবুল-মুরাদ-অভিষেকদের নিয়ে করছেন সভা। খেলোয়াড়দের ফিট থাকার পরামর্শ দিচ্ছেন।
আনন্দবাজার/এস.কে









