দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় পৃথিবীতে এসেছে সাকিব-শিশিরের দ্বিতীয় কন্যা। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
চলতি মাসের শুরুতেই দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার খবর দিয়েছিলেন সাকিব-শিশির দম্পতি। খুব শীঘ্রই আলায়নার বোন পৃথিবীতে আসবে বলে জানিয়েছিলেন তারা। বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন সাকিব। ছবিতে দেখা যায়, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা ছিলো, বাসায় স্বাগতম। আর ছবির ক্যাপশনে লেখা ছিল, বড় বোনের দায়িত্ব।
এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মাসেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব। করোনাভাইরাসের কারণে সেখানে পৌঁছে ১৪ দিনের জন্য স্বেচ্ছা কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান। স্ত্রীর দেখাশোনার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসেই তিনি করোনা দুর্গতদের সাহায্যার্থে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস








