শেষ চার বছরের মধ্যে তিনবারই শীর্ষে ছিলেন লিওনেল মেসি। গত বছরও এই আর্জেন্টাইন তারকার আয় সবচেয়ে বেশি ছিল ফোর্বসের বিচারে। তবে এ বছর আমেরিকান ব্যবসায়িক সাময়িকীর প্রকাশিত প্রতিবেদনে দ্বিতীয় স্থানেও নেই মেসি! এমনকি ক্রিস্তিয়ানো রোনালদোও উঠতে পারেননি শীর্ষে। এবার রজার ফেদেরার টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন।
শেষ এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের নিয়ে ফোর্বস ৫০ জনের তালিকা তৈরী করেছে। টেনিসের উন্মুক্ত যুগে এবং ১৯৯০ সাল থেকে আমেরিকান সাময়িকীটি শীর্ষ আয়ের তালিকা প্রকাশ করার পর এই প্রথম কোনো টেনিস খেলোয়াড় শীর্ষে বসলেন। গত ১২ মাসে সুইস কিংবদন্তির আয় ১০৬.৩ মিলিয়ন ডলার, যেখানে এন্ডোর্সমেন্ট থেকেই এসেছে ১০০ মিলিয়ন ডলার!
মেসিকে টপকে এক নম্বরে বসেছেন ফেদেরার। এক নম্বরে থাকা মেসি নেমে গেছেন তৃতীয় স্থানে। ১০৪ মিলিয়ন ডলার আয় এই বার্সেলোনা ফরোয়ার্ডের। গত বছরের মতো দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। ১০৫ মিলিয়ন ডলার আয় করেছেন এই জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গারের। নেইমার রয়েছেন চতুর্থ স্থানে, প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের আয়ের পরিমাণ ৯৫.৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচের অন্যজন বাস্কেটবলের লেব্রোন জেমস, আমেরিকার তারকার আয় ৮৮.২ মিলিয়ন ডলার।
আনন্দবাজার/এস.কে









