পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একদিন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পরিণত হবে। তিনি বলেন, ‘পিএসএল এখন বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম। খুব বেশি দেরি নেই, যখন এটি বিশ্বের এক নম্বর লিগ হবে।’
নাকভির এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন পিএসএল ২০২৬ মৌসুম চলেছে একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সঙ্গে। তবে বাস্তবতা দেখাচ্ছে, আর্থিক ক্ষমতা ও পরিসরের দিক থেকে এখনো আইপিএল অনেক এগিয়ে। আইপিএলের মিডিয়া স্বত্বের মূল্য ৬ বিলিয়ন ডলারের বেশি, যেখানে পিএসএলের প্রায় ৯৩ মিলিয়ন ডলার। বার্ষিক আয়েও আইপিএল ১ বিলিয়ন ডলারের বেশি, আর পিএসএলের আয় প্রায় ৫০–৬০ মিলিয়ন ডলার।
চলতি মৌসুমে পিএসএল কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জ্বালানি সংকটের কারণে টুর্নামেন্ট সীমিত ভেন্যুতে ও দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আইপিএল চলছে পূর্ণ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে।
তবু নাকভি বিশ্বাস করেন, বিনিয়োগকারীদের আগ্রহ এবং ফ্র্যাঞ্চাইজি নিলামে ইতিবাচক সাড়া পিএসএলের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করছে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে পিএসএল একসময় আইপিএলকে টক্কর দিয়ে বিশ্বের শীর্ষ লিগের স্থান দখল করতে পারবে।









