ভারতের দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে অনেক সুনাম কুড়িয়েছেন। তিনি আবার নেতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও। ক্রিকেট ছাড়ার পরে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসিবে নাম করেছেন। সাবেক বাঁ-হাতি এই ওপেনার এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। এবার জোর গুঞ্জন উঠেছে তিনিই হচ্ছেন আইসিসির চেয়ারম্যান।
শশাঙ্ক মনোহর আইসিসির সভাপতির দায়িত্ব ছেড়েছেন। শোনা যাচ্ছে, তার জায়গায় সৌরভ গাঙ্গুলি চেয়ারম্যান হবেন। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ তার মতামতে, করোনা সংকট কাটিয়ে উঠতে আইসিসিতে সৌরভের দরকার বলে উল্লেখ করেছেন।
এবার শ্রীলংকার সাবেক অধিনায়ক ও এমসিসির প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা বলেন, সৌরভ দাদাই আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য একদম উপযুক্ত।
২০১১ বিশ্বকাপে শ্রীলংকাকে ফাইনালে তোলা এই অধিনায়ক আরও বলেন, আমি মনে করি, সৌরভ গাঙ্গুলি আইসিসির দায়িত্ব নিলে একটা পরিবর্তন আনতে পারবেন তিনি। আমি খুব বড় ভক্ত দাদার। তিনি শুধু ক্রিকেটার হিসেবেই ভাল এমন নয়, তার অসাধারণ ক্রিকেট মস্তিষ্কও রয়েছে। তিনি হৃদয় দিয়ে ক্রিকেটকে ভালোবাসেন। তিনি আইসিসির চেয়ারম্যান হলে বিসিসিআই, পিসিবি কিংবা এসএলসির প্রতি তার ভালোবাসাটা একটুও কমবে না।
আনন্দবাজার/এস.কে









