ঈদের বিরতির পর আগামীকাল শনিবার (৮ আগস্ট) থেকে পুনরায় শুরু হচ্ছে একক অনুশীলন। দেশের পাঁচটি ভেন্যুতে চলবে অনুশীলন। তবে আলাদা করে সবার সময় বেঁধে দিয়ে আপাতত ৬ দিনের সূচি প্রকাশ করেছে বিসিবি।
দীর্ঘ চার মাসের অবসর শেষে মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুনরা মাঠে ফিরলেও ১১ জনের বেশি ক্রিকেটার সাড়া দেয়নি এই অনুশীলনে। তবে ঈদের পর ফের শুরু হতে যাওয়া একক অনুশীলন যোগ দিচ্ছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের বেশ কজন।
মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানার সঙ্গে নতুন করে যোগ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাদমান ইসলাম, সৌম্য সরকার, আল-আমীন, সাব্বির রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।
মিরপুরে যারা অনুশীলন করবেন তাদের মধ্যে ব্যাটসম্যানদের জন্য ইনডোর স্টেডিয়ামে ব্যাটিং এবং রানিংয়ের জন্য মূল মাঠ ও জিম উন্মুক্ত থাকবে। আর বোলারদের জন্য জিম ও বোলিং, রানিংয়ের জন্য একাডেমি মাঠ উন্মুক্ত রাখা হবে বলে জানায় বিসিবি।
এছাড়াও খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন মেহেদী হাসান মিরাজ, মাহাদী হাসান, কাজী নুরুল হাসান সোহান। সিলেট স্টেডিয়ামে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের সঙ্গে যুক্ত হবেন ইয়াসির আলী ও ইরফান শুকুর। এদিকে রাজশাহীতে নাজমুল হাসান শান্ত ও সানজামুল ইসলাম অনুশীলন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আনন্দবাজার/এম.কে









