জ্যামাইকাকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে কানাডা। গতকাল রবিবার টরন্টোতে অনুষ্ঠিত বাছাইপর্বে জ্যামাইকার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে কানাডা।
একপেশে ওই ম্যাচে কানাডার হয়ে সাইল লারিন, তাজন বুকানন এবং জুনিয়র হোয়েলেটের লক্ষ্যভেদের পাশাপাশি আদ্রিয়ান মারিয়াপ্পার আত্মঘাতী গোলে পূর্ণ তিন পয়েন্ট লাভ করে কানাডা। এতে কনকাকাফ অঞ্চল থেকে সবার আগে কাতারে যাবার টিকিট নিশ্চিত করে উত্তর আমেরিকার এই দেশটি।
ম্যাচে জয়লাভের পরপর টরন্টোর ৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বিএমও মাঠে উপস্থিত স্বাগতিক সমর্থকরা বুনো উন্মাদনায় মেতে উঠে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে কানাডা। এর আগে ১৯৮৬ সালে প্রথমবার মেক্সিকো বিশ্বকাপ খেলেছিল দেশটি।
দাপটের সাথে বাছাইপর্বে এগিয়ে যাওয়া কানাডা এখন দুই ম্যাচ হাতে থাকাতেই তিন পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষে রয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত আসর নিশ্চিতের জন্য গতকাল মাঠে নামার আগে কানাডার প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত একতরফা আক্রমণ বজায় রেখেছে কানাডা।
আনন্দবাজার/টি এস পি









