ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনেছে চুয়াডাঙ্গার একদল ভক্ত।
বুধবার ছিলো আর্জেন্টাইন ফুটবলার মেসির জন্মদিন। আর এদিন সন্ধ্যেবেলাতেই দামুড়হুদার একদল কিশোর-তরুন একটি কফি হাউজে জড়ো হয়েছিলেন মেসির জন্মদিন পালনের করতে।
সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না তাদের মাঝে।
তাদের মেন্যুতেও ছিলো নানাবিধ খাবার। তবে ঘটনাচক্রে তারা পড়ে যান একটি টহলদলের সামনে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সেই টহলদলটি ঘুরে ঘুরে দেখছিলেন এলাকাবাসী সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছে কী না।
সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভঙ্গের দায়ে কিশোর-তরুণের এই দলটির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আর যে কফিহাউজে এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, সেটিকে জরিমানা করা হয়েছে ছয় হাজার টাকা।
চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, "আমরা একটি কফি হাউজের সামনে গিয়ে দেখি ১০-১৫ জন বসে রয়েছে। জিজ্ঞেস করলাম কী ব্যাপার? উত্তরে তারা বলে, মেসির জন্মদিনের জন্য বসছিলাম। চা-কফি, চিকেন ফ্রাই এসব খাবার আইটেমও ছিল।"
"একদিকে তো রাতের বেলায় দোকান খোলা, তার ওপর তারা একেবারেই গায়ের সাথে গা লাগিয়ে বসেছিল। ১৫ জন গায়ের সাথে গা লাগিয়ে বসলে সামাজিক দূরত্ব কী থাকে?"
তাদের সবাই ছাত্র। তাই তাদের জরিমানার অংক খুব একটা বেশি ধরা হয়নি বলে জানান ম্যাজিস্ট্রেট।
আনন্দবাজার/এফআইবি









