ক্রিকেট বিশ্বে জার্মানির কোনো পরিচিতি নেই। ফুটবলে বিশ্বখ্যাত তারা। এই অখ্যাত ক্রিকেট খেলুড়ে দেশটিতেই এবার দারুণ এক ঘটনা ঘটে গেছে। সম্প্রতি সেখানে ছেলেদের টি-টেন লিগ আয়োজন করা হয়েছিল। সেই লিগে একটি দলের উইকেটকিপার হিসেবে ছিলেন ভারতের বেঙ্গালুরুর মেয়ে শারণ্যা সদারঙ্গানি। একই দলে খেলেছেন তার স্বামীও। ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলা এই ঘটনার পেছনের ঘটনার জেনে নেওয়া যাক।
সদ্য ২৫ বছরে পা দেওয়া শারণ্যাকে জার্মানির ক্রিকেট মাঠে সবাই 'শারু' নামে চেনে। উত্তর জার্মানির কুমারফিল্ড শহর থেকে শারণ্যা জানান, 'আমি কুমারফেল্ডার স্পোর্টসভেরেন (কেএসভি) ক্লাবের কাছে কৃতজ্ঞ তারা আমাকে এই টি-টেন লিগে খেলার সুযোগ দিয়েছে।'
শারণ্যার দল চ্যাম্পিয়ন হয়েছে এই লিগে । ৬ ম্যাচে উইকেটের পিছনে ৮টি ডিসমিসাল করেছেন শারণ্যা। টুর্নামেন্টে যা সবচেয়ে বেশি। এরপরেই তিনি জার্মান জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন।
শারণ্যা কর্নাটকের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছিলেন। ক্রিকেট শেখা শুরু করেন 'কর্নাটক ইন্সটিটিউট অফ ক্রিকেটে'। তিনি বলেন, 'সেখানে ইরফান সেইত, মোহাম্মদ নাসিরুদ্দিন আর মাসুদ স্যার আমাকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিলেন।'
আর প্রিয় ছাত্রীকে নিয়ে কোচ ইরফান বলেন, 'শারণ্যা আর ওর এক কাজিন আসত ক্রিকেট শিখতে। দুজনেরই ভালো প্রতিভা ছিল। শারণ্যার বাবা ছিলেন মোটিভেশনাল স্পিকার। শারণ্যার মাঝেও সেই গুণ আছে। সে সবসময় সতীর্থদের উৎসাহ দিতে পারত।'
ভারত থেকে জার্মানি যাওয়ার গল্প নিয়ে শারণ্যা জানান, '৭ বছর আগে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যাই। এসেক্স কাউন্টির হয়ে কিছু ম্যাচ খেলেছিলাম। পরে পড়াশোনার জন্য উত্তর জার্মানিতে যাই। ইংল্যান্ডে থাকা অবস্থায় জার্মান ক্রিকেট সংস্থার মোনিকা লাভডের সঙ্গে যোগাযোগ হয়েছিল। ফলে জার্মানিতে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই আমি ক্লাব পেয়ে যাই। আবারও ক্রিকেট খেলার সুযোগ পেয়ে খুব ভালো লেগেছিল।'
আনন্দবাজার/এস.কে









