চেলসি অনেকদিন ধরেই নজর রাখছিল জার্মান বুন্দেসলিগার দল লিপজিগের প্রধান ফরোয়ার্ড টিমো ভেরনারের ওপর। তারা শেষ পর্যন্ত আগামী মৌসুমে এই ফরোয়ার্ডকে নিজেদের দলে আনার ব্যবস্থা করে ফেলেছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস জানায়, লিপজিগের সাথে ভেরনারকে পাওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চেলসি।
ভেরনারের বর্তমান দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৫ জুন। সেখানে তার রিলিজ ক্লজ আছে সাড়ে পাঁচ কোটি ইউরো।
চেলসিতে যোগদানের পর ২৪ বছর বয়সী ভেরনারকে প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ড বেতন দেওয়া হবে।
টিমো ভেরনার চলতি মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এর পূর্বে লিভারপুল ও তাকে দলে টানতে চেষ্টা করেছে। কিন্তু বর্তমান উয়েফা চ্যাম্পিয়নরা এখন আর তাকে দলে টানতে আগ্রহী নয়।
আগামী মৌসুমের জন্য চেলসির দ্বিতীয় নতুন খেলোয়াড় হবেন ভেরনার। তিনি জাতীয় দল জার্মানির হয়ে ২৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে মরক্কোর ফরোয়ার্ড হাকিম জিয়েখকে দলে টানার চুক্তি সেরে রেখেছে চেলসি। বর্তমানে আয়াক্সের হয়ে খেলছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আনন্দবাজার/এস.কে









