বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে খেলতে নেমেছে সিলেট সানরাইজার্স। টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট। বিপিএলের এবারের আসরে চলতি ম্যাচের মাধ্যমেই প্রথমবারের মত মাঠে নামছেন মাশরাফী বিন মর্তুজা।
ইনজুরির কারণে আসরের প্রথম তিন ম্যাচে মাঠে নামতে পারেননি বিপিএল এর সব থেকে বেশি শিরোপা জয়ী এ অধিনায়ক।
চলতি বিপিএলের আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল সিলেট সানরাইজার্স। সে ম্যাচে আগে ব্যাট করে ৯৬ রানে অল আউট হয়ে যায় সিলেট। কিন্তু মামুলি লক্ষ্য হাতে নিয়েও ম্যাচটি জমিয়ে তুলেছিল তারা।
একপর্যায়ে জয়ের ক্ষীণ সম্ভাবনাও জাগিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ২ উইকেটে হার মানে দলটি। আজ ব্যাটিং ব্যর্থতা ঝেড়ে ফেলে জয়ের স্বাদ পেতেই মাঠে নেমেছে মোসাদ্দেক হোসেনের দল।
অন্যদিকে আসরের উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ঢাকা। সেই ম্যাচে আগে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্কোরবোর্ডে এত রান নিয়েও বোলিং ব্যর্থতায় ম্যাচটি হেরে যায় তারা।
পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৬১ রানে বেঁধে ফেলে মিনিস্টার গ্রুপ ঢাকা। কিন্তু নিজেরা করে আরও কম। ১৩১ রানে অল আউট হয়ে যায় দলটি। তবে তৃতীয় ম্যাচেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসে ঢাকা।
গতকাল সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় ঢাকা। আজকের ম্যাচে সেই জয়ের ধারাই ধরে রাখতে চাইবে ঢাকা।
৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে রয়েছে ঢাকা। অন্যদিকে, এক ম্যাচে একটিতেই হার নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে (ছয়ে) সিলেট। তাই দুদলের জন্যই তাই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।
মিনিস্টার গ্রুপ ঢাকা : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও হাসান মুরাদ।
সিলেট সানরাইজার্স : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী, তাসকিন আহমেদ, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।
আনন্দবাজার/টি এস পি









