করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে বাড়ির ভাড়াটিয়াদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছেন রুবেল। এছাড়া তাদের খাদ্য সহায়তাও দিয়েছেন তিনি।
রুবেলের বাবা মুন্সি আবু বক্কর রুবেলের পক্ষ থেকে জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া দিতে হবেনা ভাড়াটিয়াদের।
রুবেলের বাড়ির ভাড়াটিয়া শাহিদা বেগম বলেন, রুবেল হোসেন ভাই মার্চ মাসের বাড়ি ভাড়া নেননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ভাড়া দিতে হবে না বলে দিয়েছেন তিনি।
এদিকে বুধবার বিকেলে রুবেল হোসেনের বড় ভাই সাগর হোসেন ভাড়াটিয়াদের বাসায় পৌঁছে দেন খাদ্য সামগ্রী। ভাড়াটিয়া ছাড়াও নিজের ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।
রুবেল হোসেনের প্রতিবেশী জাহাঙ্গীর মোল্লা বলেন, আমাদেরকে কিছু খাদ্য সহায়তা দিয়েছেন রুবেল ভাই। এতে আমরা খুব খুশি হয়েছি। তার মতো এলাকার সকল বিত্তবানরা এগিয়ে আসলে করোনায় কর্মহীনদের খাদ্য কষ্ট থাকত না।
আনন্দবাজার/ টি এস পি









